দেশের ছয়টি জেলায় বন্যার আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃহস্পতিবার (২৯ মে) সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এসব জেলার নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং তৎসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই দিনে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরপর একদিন নদীগুলোর পানি আবার হ্রাস পেতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়তে পারে। তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদ-নদীগুলোতে আগামী দুই দিন স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার দেখা যেতে পারে।
অন্যদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে কিছুটা কমলেও আগামী তিন দিনের মধ্যে তা বাড়তে পারে। তবে এ দুটি নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের এই পূর্বাভাসে সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



