জানা গেছে, এসব কর্মী মালয়েশিয়ার আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে নিয়োগ পাবেন। তাদের বিমানভাড়া, যাতায়াতসহ বিদেশযাত্রার যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে নির্বাচিত কর্মীরা সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ধাপে ধাপে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে কর্মী পাঠানোর এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ প্রক্রিয়া সফলভাবে এগিয়ে গেলে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।



