কেক তৈরির ইতিহাস বেশ প্রাচীন। ধারণা করা হয়, প্রাচীন মিশর ও গ্রিসে কেক তৈরির প্রাথমিক প্রচলন শুরু হয়েছিল। তবে সে সময়ের কেক বর্তমানের মতো নরম, ফোলানো কিংবা বাহারি সাজে তৈরি হতো না; বরং দেখতে অনেকটা সমতল ও ভারী রুটির মতো ছিল। প্রাচীন গ্রিকরা ডিম, দুধ, বাদাম ও মধু মিশিয়ে কেক তৈরি করতেন। ‘কেক’ শব্দটির উৎপত্তি প্রাচীন নর্স শব্দ ‘কাকা’ থেকে। অন্যদিকে, রোমান শাসনামলে কেকজাতীয় খাবার ‘প্ল্যাসেন্টা’ নামে পরিচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে কেক তৈরির উপকরণ, স্বাদ ও আকৃতিতে পরিবর্তন আসে। ইউরোপে ধীরে ধীরে আধুনিক গোলাকার ও আইসিংযুক্ত কেকের প্রচলন শুরু হয়।
ঊনবিংশ শতাব্দীতে পশ্চিম ইউরোপে জন্মদিন উদযাপনে কেকের ওপর মোমবাতি জ্বালানোর প্রচলন জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে জন্মদিনসহ বিভিন্ন আনন্দঘন আয়োজনে কেক হয়ে ওঠে অন্যতম আকর্ষণ। বর্তমানে চকলেট, ভ্যানিলা, রেড ভেলভেটসহ নানা স্বাদের কেক মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্ব কেক দিবসে কেউ ঘরে পছন্দের কেক তৈরি করছেন, আবার কেউ প্রিয়জনদের নিয়ে কেক কাটার ছোট আয়োজন করছেন।
কেক শুধু একটি খাবার নয়, অনেকের কাছে এটি আনন্দ, ভালোবাসা ও বিশেষ মুহূর্ত ভাগাভাগি করার প্রতীক। তাই পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে কেক ভাগাভাগি করে মিষ্টিমুখের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন কেকপ্রেমীরা।



