সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারকে ওয়েন সং জানান, গত বছরের মে মাসে পোশাক ভাড়া দিয়ে আয় করার বিষয়ে একটি নিবন্ধ পড়েন তিনি। নিজের সংগ্রহে সব সময়ই ভালো মানের পোশাক থাকায় সেগুলো ভাড়া দেওয়ার পরিকল্পনা করেন। বর্তমানে মূলত ব্যক্তিগত শেফ হিসেবে কাজ করা সং শুরুতে একটি অনলাইন প্ল্যাটফর্মে নিজের ব্যবহৃত কয়েকটি পোশাক ভাড়ার জন্য তালিকাভুক্ত করেন। অল্প সময়ের মধ্যেই সেগুলোর প্রতি গ্রাহকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। শুরুতে পোশাক পরিবহন ও গ্রাহকসেবা পরিচালনায় কিছুটা সমস্যায় পড়লেও ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়তে থাকে। একপর্যায়ে ওই প্ল্যাটফর্মের অন্যতম সফল ভাড়াদাতা বা ‘স্টার লেন্ডার’ হিসেবে পরিচিতি পান তিনি।
ওয়েন সং জানান, ২০২৬ সালের এপ্রিল নাগাদ তিনি নিয়মিত মাসে প্রায় ৫ হাজার ডলার আয় করতে শুরু করেন। বর্তমানে তাঁর অনলাইন তালিকায় প্রায় ৪৬০টি পোশাক রয়েছে। শুরুতে নিজের ব্যবহৃত পোশাক ভাড়া দিলেও চাহিদা বাড়ার পর জনপ্রিয় পোশাকগুলোর একাধিক কপি কিনে সংগ্রহে রাখতে শুরু করেন। ব্যবসা থেকে আয় বাড়তে থাকায় নতুন পোশাক কেনার পেছনেও বিনিয়োগ করছেন তিনি।
নিজের সাফল্যের পেছনে পোশাকের ভাড়া নির্ধারণের কৌশলকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সং। বোস্টনের বাইরের গ্রাহকদের অতিরিক্ত ডেলিভারি খরচ বহন করতে হয়। বিষয়টি বিবেচনায় রেখে অন্যান্য বড় শহরের তুলনায় নিজের পোশাকের ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ কম রাখেন তিনি। এতে গ্রাহকদের আগ্রহ বাড়ার পাশাপাশি বুকিংয়ের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ব্যবসার প্রসারের সঙ্গে সঙ্গে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে তাঁর বেশ কয়েকজন নিয়মিত গ্রাহক রয়েছেন, যারা তাঁর সেবার ওপর আস্থা রাখেন।
ফ্যাশনের পরিবর্তনশীল ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতেও বিশেষ গুরুত্ব দেন ওয়েন সং। ভাইরাল ও জনপ্রিয় পোশাকগুলো সংগ্রহে রাখতে নিয়মিত বাজার বিশ্লেষণ করেন তিনি। এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তা নেন। প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘণ্টা গবেষণা ও পোশাক কেনার পেছনে ব্যয় করেন। তাঁর মতে, কাজটি অনেকটা ওয়াল স্ট্রিটে অপশনস ট্রেডার হিসেবে একসময় একাধিক স্ক্রিনের সামনে বসে কাজ করার মতোই।
একসঙ্গে দুটি পেশা সামলানোর বিষয়ে সং জানান, সাধারণত সপ্তাহে দুই দিন ব্যক্তিগত শেফ হিসেবে রান্নার কাজ করেন। বাকি দিনগুলো পুরোপুরি পোশাক ভাড়ার ব্যবসায় ব্যয় করেন। নিজের অব্যবহৃত পোশাক থেকে শুরু করা এই উদ্যোগ এখন তাঁর জন্য নিয়মিত আয়ের একটি বড় উৎস হয়ে উঠেছে।



