বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে সোমবার বিকেলে ফুলপুর বাজারে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে নির্ধারিত সময়ের বাইরে ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। বিশেষ করে বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন জানান, শেরপুরের নকলা থেকে এক ব্যক্তি ফুলপুর বাজারে এসে মাইকিং করছিলেন। তাঁর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ফকির কমিটির সভাপতি বলে পরিচয় দেন। এ সময় তাঁর পাশে আরও কয়েকজন ফকিরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, শেরপুরের নকলা থেকে এসে ওই ব্যক্তি হঠাৎ মাইকিং শুরু করেন। মাইকিং শেষে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



