সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী, যিনি ‘লাপাতা লেডিস’ সিনেমার চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লিম্বো’র।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করে শরিফুল রাজ লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে।’ একই পোস্টে চলচ্চিত্রটির পরিচালক হিসেবে তানিম রহমান অংশুর নামও উল্লেখ করেন তিনি।
এদিকে, রাজের জন্মদিনে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি তাকে শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশু। তিনি লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’
‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল শরিফুল রাজের। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এবার কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমা ‘লিম্বো’র মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন এক জগতে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।



