দীর্ঘ প্রতীক্ষা, নানা কর্মযজ্ঞ ও স্বপ্নের বাস্তবায়নের মধ্য দিয়ে ঐতিহাসিক এক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। দেশের এই অর্জনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন পাবনার ঈশ্বরদীর মানুষ। স্থানীয়দের কাছে এটি কেবল বিদ্যুৎ উৎপাদনের সূচনা নয়, বরং নিজেদের এলাকার নাম বিশ্বদরবারে নতুন করে তুলে ধরার এক গর্বের মুহূর্ত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে তালিকাভুক্ত হলো বাংলাদেশ।
রূপপুরের এই ঐতিহাসিক অর্জন ঘিরে ঈশ্বরদীর সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। দীর্ঘদিন ধরে নিজেদের এলাকায় গড়ে ওঠা দেশের বৃহৎ এই প্রকল্পের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন তারা। এবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় স্থানীয়দের আনন্দ যেন আরও বেড়েছে। তাদের প্রত্যাশা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ঈশ্বরদীর অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
প্রাথমিক পর্যায়ে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরীক্ষা চালানো হবে। এসব পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শুরু হবে ১০ মাসের ট্রায়াল অপারেশন। পরবর্তী সময়ে ধাপে ধাপে শুরু হবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়াকে দেশের জ্বালানি খাতের ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি পারমাণবিক বিদ্যুতের সক্ষমতা এবং দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ফলে উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরুর মধ্য দিয়ে অবশেষে বাস্তবে রূপ নিতে শুরু করেছে বাংলাদেশের দীর্ঘদিনের পারমাণবিক বিদ্যুতের স্বপ্ন।



