জানা গেছে, ডা. সাঈদ এনামের গবেষণার ক্ষেত্র কোনো নামী হাসপাতালের আধুনিক গবেষণাগার নয়; গ্রামের বাড়িতে তাঁর ছোট্ট চেম্বারটিই যেন তাঁর ‘নিউরোসাইকিয়াট্রি ল্যাব’। সেখানে বিরল ও ব্যতিক্রমী রোগী শনাক্ত, চিকিৎসা এবং পর্যবেক্ষণের মাধ্যমে তিনি গবেষণার উপাদান সংগ্রহ করেন। এসব গবেষণা নিয়ে তিনি ইউরোপ, আমেরিকা, জাপান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করে আসছেন।
সম্প্রতি তাঁর একটি ব্যতিক্রমী রোগীর কেস হিস্ট্রি ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের (Royal College of Psychiatrists) নিউজলেটারে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। ওই ঘটনা নিয়ে তিনি APA সম্মেলনে একটি অ্যাবস্ট্রাক্ট জমা দেন। পরবর্তী সময়ে আরেকটি বিরল চিকিৎসা-অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দ্বিতীয় অ্যাবস্ট্রাক্টটিও জমা দেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার গবেষণাপত্র জমা পড়ার পর APA-এর বিশেষজ্ঞ বৈজ্ঞানিক পর্যালোচনা কমিটি প্রায় তিন থেকে চার মাস ধরে সেগুলো যাচাই-বাছাই করে। দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়া শেষে অল্পসংখ্যক গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। গত ৯ নভেম্বর ই-মেইলের মাধ্যমে ডা. সাঈদ এনামকে জানানো হয়, বৈজ্ঞানিক মূল্যায়নে বাংলাদেশ থেকে তাঁর জমা দেওয়া দুটি গবেষণাপত্রই নির্বাচিত হয়েছে। গবেষণাপত্র দুটির পোস্টার নম্বর যথাক্রমে ৮০৯৩ ও ৮২৫৭।
নিজের গবেষণা সম্পর্কে ডা. সাঈদ এনাম বলেন, তাঁর চেম্বারে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে অনেক সময় বিরল ও ব্যতিক্রমী কিছু রোগের সন্ধান পাওয়া যায়, যা চিকিৎসা ও গবেষণার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। প্রথমে তিনি রোগীর চিকিৎসা ও পর্যবেক্ষণ করেন। পরে এসব ঘটনা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে আন্তর্জাতিক সেমিনার ও জার্নালে উপস্থাপন করেন, যাতে বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও মেডিকেল শিক্ষার্থীরা উপকৃত হতে পারেন।
আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, চেম্বারের ব্যস্ততার কারণে সব সময় সরাসরি সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হয় না। তবে আয়োজকদের অনুরোধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাইকিয়াট্রিস্টদের সংগঠন RANZCP-এর অস্ট্রেলিয়া সম্মেলন এবং ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের এডিনবরা সম্মেলনে গ্রামের ছোট্ট চেম্বার থেকেই ভার্চুয়ালি গবেষণা উপস্থাপন করেছেন। এবারও ব্যস্ততার কারণে সরাসরি নিউইয়র্কে যেতে না পারলে সেখান থেকেই ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের মনোরোগ বিশেষজ্ঞ, নিউরোসাইকিয়াট্রিস্ট ও চিকিৎসাবিজ্ঞানীদের সামনে গবেষণা তুলে ধরবেন।
তিনি আরও বলেন, বিশ্বের খ্যাতনামা চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকদের উপস্থিতিতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে নিজের গবেষণা উপস্থাপন করা তাঁর কাছে অন্য রকম অনুভূতির। বই হাতে বিশ্ব ভ্রমণ, বিশেষজ্ঞদের সঙ্গে গবেষণা নিয়ে আলোচনা এবং তথ্যের আদান-প্রদানও তাঁর কাছে বেশ রোমাঞ্চকর।
উল্লেখ্য, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিশ্বের অন্যতম প্রভাবশালী মনোরোগ চিকিৎসাবিষয়ক পেশাজীবী ও বৈজ্ঞানিক সংগঠন। সংস্থাটির আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসাবিজ্ঞানী ও গবেষকেরা অংশ নেন।
এর আগে ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের একটি আন্তর্জাতিক সম্মেলনে ডা. সাঈদ এনাম মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত এক বিরল রোগীর কেস হিস্ট্রি উপস্থাপন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অ্যামবুশের শিকার হয়ে ওই ব্যক্তির মাথায় মর্টার শেলের একটি ধাতব টুকরো বিদ্ধ হয়েছিল। দীর্ঘদিন ধরে বিষয়টি ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের অজানা ছিল। পরবর্তী সময়ে ডা. সাঈদ এনামের চেম্বারে চিকিৎসা নিতে এলে বিষয়টি শনাক্ত হয়। মস্তিষ্কের ভেতরে মর্টার শেলের টুকরো নিয়ে প্রায় ৫০ বছর বেঁচে থাকার এই ব্যতিক্রমী ঘটনা আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানী মহলে আগ্রহ সৃষ্টি করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মেডিকেল জার্নালেও প্রকাশিত হয়।
ডা. সাঈদ এনাম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ২০২১ সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক পর্যালোচনা কমিটি ও ট্রাস্টি বোর্ডের নির্বাচনের মাধ্যমে তিনি সংগঠনটির ‘ইন্টারন্যাশনাল ফেলো’ হিসেবে নির্বাচিত হন।



