প্রতিবেদনে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান ও দেশীয় গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়েছে, বই পড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের ২০২৪ সালের এক জরিপের তথ্য ও ওয়ার্ল্ড পপুলেশন রিভিউতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। ওই তথ্যে বলা হয়েছে, একজন বাংলাদেশি বছরে গড়ে ২ দশমিক ৭৫টি বই পড়েন এবং বই পড়ার পেছনে সময় ব্যয় করেন প্রায় ৬২ ঘণ্টা।
একই পরিসংখ্যানে দেখা যায়, বই পড়ার তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একজন মানুষ বছরে গড়ে ১৭টি বই পড়েন। দক্ষিণ এশিয়ার দেশ ভারতেও বছরে গড়ে ১৬টি বই পড়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে শ্রীলঙ্কায় এ সংখ্যা ৩ দশমিক ২৯। প্রতিবেশী পাকিস্তানে বছরে গড়ে ২ দশমিক ৬টি বই পড়ার তথ্য রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে ১৫টি, ফ্রান্সে ১৪টি, ইতালিতে ১৩টি এবং রাশিয়ায় ১১টি বই পড়ার কথা উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের পাঠাভ্যাস নিয়েও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘রিক্রিয়েশনাল বুক রিডিং অ্যামং সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ: অ্যাকসেস, ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ’ শীর্ষক গবেষণায় দেখা যায়, মাধ্যমিক পর্যায়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী পাঠ্যবইয়ের বাইরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও বাস্তবে এমন বই পড়ে মাত্র ৩৮ শতাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) গবেষকদের পরিচালিত এ জরিপে ৬৯১ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আনন্দের জন্য বই পড়ার সংস্কৃতি এখনো শক্ত ভিত্তি পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর মতে, ভারতসহ পাশ্চাত্যের বিভিন্ন সমাজে বই পড়া দৈনন্দিন সাংস্কৃতিক জীবনের অংশ। মানুষ অবসর সময়ে, পার্কে কিংবা যাতায়াতের পথে বই পড়ে। বাংলাদেশে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক চর্চা সেভাবে গড়ে ওঠেনি।
প্রকাশনা সংস্থা বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাসের মতে, বাংলাদেশের বর্তমান শিক্ষিত সমাজের বড় একটি অংশ প্রথম প্রজন্মের শিক্ষিত। ফলে অনেক পরিবারে দীর্ঘদিন ধরে পড়াশোনা বলতে মূলত স্কুল-কলেজের পাঠ্যবইকেই বোঝানো হয়েছে। পাঠ্যবইয়ের বাইরে গল্প, উপন্যাস কিংবা অন্যান্য বই পড়াকে অনেক সময় অপ্রয়োজনীয় বা সময়ের অপচয় হিসেবে দেখা হয়েছে। এ মানসিকতাও পাঠাভ্যাস গড়ে ওঠার পথে বাধা তৈরি করেছে।
একজন পাঠক তৈরির ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু এ তিন ক্ষেত্রেই রয়েছে নানা সীমাবদ্ধতা। ঢাকার খিলগাঁওয়ের শহীদ বাকী স্মৃতি পাঠাগারের ২০২৫ সালের ‘বাংলাদেশে কমিউনিটি পাঠাগারের ভবিষ্যৎ’ শীর্ষক জরিপে দেখা গেছে, যেসব পরিবারের বড়রা নিয়মিত বই পড়েন, সেসব পরিবারের ৪৭ দশমিক ১ শতাংশ শিশু-কিশোর নিয়মিত বই পড়ে। অন্যদিকে পরিবারের বড়রা বই না পড়লে শিশু-কিশোরদের মধ্যে নিয়মিত বই পড়ার হার কমে দাঁড়ায় ৩১ দশমিক ৮ শতাংশে।
দেশের সরকারি গণগ্রন্থাগারগুলোর অবস্থাও পাঠাভ্যাস বিস্তারে বড় চ্যালেঞ্জ। বর্তমানে বাংলাদেশে সরকারি গণগ্রন্থাগার রয়েছে ৭১টি। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ২০২১ সালের এক গবেষণায় এসব পাঠাগারে জনবলসংকট, অবকাঠামোগত ঘাটতি এবং পাঠকের চাহিদা অনুযায়ী বইয়ের অপর্যাপ্ততার বিষয়টি উঠে আসে। পাশাপাশি অনেক পাঠাগারে সাধারণ সাহিত্য পড়ার চেয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বেশি দেখা যায়।
এ পরিস্থিতি পরিবর্তনে মানুষের বাসার কাছাকাছি পাঠাগার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন অধ্যাপক নূরে আলম সিদ্দিকী। তাঁর মতে, পাড়ায় পাড়ায় কমিউনিটি পাঠাগার, বই পড়ার কর্মসূচি এবং শপিংমলের মতো জনসমাগমপূর্ণ স্থানে শিশুদের জন্য বই পড়ার কর্নার তৈরি করা যেতে পারে। এতে বই পড়ার সুযোগ সহজলভ্য হওয়ার পাশাপাশি সামাজিকভাবেও পাঠাভ্যাস উৎসাহিত হবে।
বই পড়ার আগ্রহ কমে যাওয়ার আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে স্মার্টফোন ও ডিজিটাল বিনোদনের বিস্তার। শহীদ বাকী স্মৃতি পাঠাগারের ১ হাজার ৫ জনের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৫ বছর বয়সীদের ৫৪ দশমিক ৩ শতাংশ এবং ১৮ বছরের কম বয়সীদের ৫৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের কারণে তাঁদের বই পড়ার মনোযোগ ব্যাহত হয়।
বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাসের মতে, ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম অল্প সময়ে তাৎক্ষণিক বিনোদন দেয়। অন্যদিকে একটি বই পড়তে দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে হয়। ফলে দ্রুতগতির ডিজিটাল বিনোদনের সঙ্গে প্রতিযোগিতায় বই পড়ার অভ্যাস পিছিয়ে পড়ছে। তবে ডিজিটাল মাধ্যমের বিস্তার সত্ত্বেও কাগজের বইয়ের দোকান এখনো টিকে আছে এবং অনেক পাঠকের কাছে মুদ্রিত বই প্রথম পছন্দ।
অন্যদিকে, প্রতিবছর অমর একুশে বইমেলায় বিপুল মানুষের উপস্থিতি থাকলেও সেটিকে সারা বছরের বই পড়ার প্রবণতা বা প্রকৃত পাঠকের সংখ্যা নির্ধারণের একমাত্র মানদণ্ড হিসেবে দেখছেন না প্রকাশকেরা। তাঁদের মতে, দেশে উন্মুক্ত বিনোদনকেন্দ্রের অভাব থাকায় অনেকেই বইমেলায় উৎসবের আমেজ উপভোগ করতে আসেন। ফলে মেলায় আসা প্রত্যেকেই যে নিয়মিত বই কেনেন বা পড়েন, তা নয়।
প্রকাশকদের মতে, বাংলাদেশে বই প্রকাশ ও বিক্রির ক্ষেত্রে অমর একুশে বইমেলার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা রয়েছে। বিশ্বের অনেক দেশে বইমেলা এক থেকে দুই সপ্তাহ চললেও বাংলাদেশে মাসব্যাপী আয়োজন করা হয়। সারা বছর বইয়ের সরবরাহ ও বিক্রির ব্যবস্থা উন্নত করা গেলে প্রকাশনা শিল্পের ওপর বইমেলার নির্ভরতা কমবে। পাশাপাশি বইয়ের বিক্রি ও মুদ্রণসংখ্যা বাড়লে সাধারণ পাঠকের নাগালের মধ্যে বইয়ের দাম রাখাও সহজ হতে পারে।
বিশ্লেষকদের মতে, দেশে পাঠাভ্যাস বাড়াতে শুধু ফেব্রুয়ারি মাসের বইমেলার ওপর নির্ভর করলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে পাঠাগারভিত্তিক উদ্যোগের মাধ্যমে বই পড়াকে সামাজিক চর্চায় পরিণত করতে হবে। মানসম্মত বই সহজলভ্য করা, গণগ্রন্থাগারের আধুনিকায়ন এবং তরুণ প্রজন্মের কাছে বই পড়ার আনন্দ নতুনভাবে তুলে ধরতে পারলে বাংলাদেশে পাঠাভ্যাসের একটি টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব।



