অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আগেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানে পরাজিত করে জুনিয়র টাইগাররা। এবার নেপালকে ১০১ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছে পাকিস্তান।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। একই গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান।
গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৪৩.৪ ওভারে মাত্র ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল। তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ভারত।
এর আগে গতকাল নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।



