আসন্ন উৎসবের মরশুমকে সামনে রেখে নিউ ইয়র্কের ম্যানহাটনস্থ রকেফেলার সেন্টারে এসে পৌঁছেছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি। নিউ ইয়র্কের ওয়েস্ট এডমেস্টন থেকে সংগৃহীত প্রায় ৭৫ বছর বয়সি ৭৬ ফুট দীর্ঘ এই নরওয়ে স্প্রুস (Norway spruce) গাছটি নির্ধারিত দিনে জাঁকজমকপূর্ণভাবে মিডটাউন ম্যানহাটন চত্বরে প্রবেশ করে।
প্রায় ২০০ মাইলের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশাল আকৃতির এই গাছটি রকেফেলার প্লাজায় এসে পৌঁছানোর পর স্থানীয় দর্শনার্থী ও আয়োজকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। আনুমানিক ১১ টন ওজনের এবং ৫০ ফুট ব্যাস বিশিষ্ট এই গাছটিকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও বিশেষ ‘মিট দ্য ট্রি ডে’ উদযাপিত হয়েছে।
আগামী ২ ডিসেম্বর ঐতিহ্যবাহী আলোকসজ্জা (Tree Lighting Ceremony) অনুষ্ঠানের মাধ্যমে এই গাছটিতে হাজার হাজার এলইডি লাইট এবং বিখ্যাত সোয়ারভস্কি স্টার যুক্ত করে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। ক্রিসমাস উদযাপনের এই ঐতিহ্য দেখতে প্রতিবছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ রকেফেলার প্লাজায় সমবেত হন।



