পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে অস্থায়ী সঙ্গী হিসেবে যুক্ত হয়েছে নতুন একটি ‘মিনি চাঁদ’। মাত্র ৬ ফুট চওড়া একটি মহাকাশ শিলাকে সাময়িকভাবে নিজের মহাকর্ষীয় বলয়ে আটকে নিয়েছে পৃথিবী। ক্ষুদ্র এই মহাজাগতিক বস্তুর আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘২০২৬ কিউকিউ৮’ (2026 QQ8)। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলেই শিলাটি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসে। তবে টেলিস্কোপে এর উপস্থিতি শনাক্ত হয় গত আগস্টে।
গবেষকদের ধারণা, পৃথিবীর সঙ্গে এই ক্ষুদ্র উপগ্রহের সম্পর্ক বেশিদিন স্থায়ী হবে না। বড়দিন পর্যন্ত এটি পৃথিবীর চারপাশে ঘুরবে এবং ২০২৭ সালের জানুয়ারি নাগাদ পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ ছাড়িয়ে আবার গভীর মহাশূন্যে চলে যাবে।
কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে শিলাটির গতিপথ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর ৩৫০ দিনের কিছু বেশি সময় লাগে, যা পৃথিবীর এক বছরের কাছাকাছি। প্রতি ১০ বছর পরপর এটি পৃথিবীর কাছাকাছি এলেও এবার তুলনামূলক বেশি কাছে চলে আসায় পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকে পড়েছে।
মাইনর প্ল্যানেট সেন্টারের তথ্যমতে, পৃথিবীর কাছাকাছি অবস্থানের সময় ‘২০২৬ কিউকিউ৮’ প্রায় ৩ লাখ ৫৩ হাজার মাইল দূরত্বে এসেছিল। এই দূরত্ব পৃথিবী ও চাঁদের গড় দূরত্বের চেয়ে প্রায় ১ লাখ ১০ হাজার মাইল বেশি। বিজ্ঞানীরা জানিয়েছেন, শিলাটি পৃথিবীর জন্য কোনো বিপদ তৈরি করছে না। এমনকি এটি সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে এলেও মাত্র ২ মিটার বা প্রায় ৬ ফুট ব্যাসের হওয়ায় বায়ুমণ্ডলে প্রবেশের সময়ই পুড়ে যাওয়ার কথা।
পৃথিবীর এমন অস্থায়ী ‘মিনি চাঁদ’ আবিষ্কারের ঘটনা অবশ্য নতুন নয়। মহাকাশ গবেষকদের মতে, যেকোনো সময় পৃথিবীর মহাকর্ষীয় বলয়ে প্রায় ছয়টি পর্যন্ত ক্ষুদ্র প্রাকৃতিক বা কৃত্রিম বস্তু অস্থায়ী উপগ্রহ হিসেবে অবস্থান করতে পারে। সাম্প্রতিক মডেলিং অনুযায়ী, এসব বস্তুর অনেকগুলোই মূল চাঁদের বিচ্ছিন্ন অংশ হতে পারে। সাধারণত এ ধরনের অস্থায়ী উপগ্রহের গড় আকার প্রায় ৭৫ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি এবং এগুলো গড়ে প্রায় নয় মাস পৃথিবীর চারপাশে অবস্থান করে। তবে ১০ ফুটের বেশি চওড়া কোনো শিলা ১০ থেকে ২০ বছর পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে।
খালি চোখে দেখা সম্ভব না হলেও শক্তিশালী টেলিস্কোপ ও উন্নত সফটওয়্যারের সাহায্যে এসব ক্ষুদ্র মহাকাশীয় বস্তুর সন্ধান পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে, ‘২০২৬ কিউকিউ৮’-এর মতো পৃথিবীর কাছাকাছি আসা বস্তুগুলো সৌরজগতের প্রাথমিক গঠন, মহাজাগতিক গতিপ্রকৃতি এবং গ্রহাণুর আচরণ সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। বড়দিনের সময় পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করার পর নতুন বছরের শুরুতেই মহাশূন্যে ফিরে যাবে এই ক্ষণস্থায়ী অতিথি।



