প্রশাসনিক শৃঙ্খলা, শক্তিশালী নেতৃত্ব এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষে মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। দেশটির হুরশো সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে (Hurso military training centre) এই কর্মসূচি পরিচালিত হচ্ছে, যেখানে খোদ প্রধানমন্ত্রী আবি আহমেদ নিজে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ড্রিল ও অনুশীলনে অংশ নেন।
প্রধানমন্ত্রী আবি আহমেদের মতে, সামরিক প্রশিক্ষণ কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং এটি সরকারি কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ, দলগত ঐক্য এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেসামরিক প্রশাসন ও সামরিক খাতের এই সমন্বিত উদ্যোগ দেশের বড় লক্ষ্যগুলো অর্জনে সহায়ক হবে বলে তিনি মত প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে প্রধানমন্ত্রীসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সামরিক পোশাকে এই কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে।
ইথিওপিয়ার বিভিন্ন অঞ্চলে চলমান নিরাপত্তা চ্যালেঞ্জ এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে সরকার পক্ষ থেকে বিষয়টিকে সম্পূর্ণভাবে প্রশাসনিক নেতৃত্ব বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধির একটি কর্মসূচি হিসেবে তুলে ধরা হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগটি দেশটির সরকারি কাঠামোর কর্মদক্ষতা বৃদ্ধিতে কেমন প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।



