হার দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের পর আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়ামের দায়িত্বশীল ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
ওমানের আল আমেরাতে টসের পর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের শেষ দুই বল বাকি থাকতে ২৪৫ রানে গুটিয়ে যায় দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। ৯৮ বলের ইনিংসে দুটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। অন্যদিকে, ৮৩ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেন এসকে জারিফ সিয়াম। এ ছাড়া আব্দুল্লাহ আল মুহির ব্যাট থেকে আসে ৩০ রান।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে সেথমিকা সেনেরিরত্নে চারটি উইকেট শিকার করেন। গিমহান মেন্ডিস নেন তিনটি এবং কউশিকা কুমারাসিংহে পান দুটি উইকেট।
জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর সেনুজা ওয়েকুনাগদার ব্যাটে জয়ের আশা বাঁচিয়ে রাখে দলটি। ৯৫ বলে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে তার বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। দলের অন্য কোনো ব্যাটার ২০ রানের ঘরও পেরোতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক। এই জয়ের ফলে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল লাল-সবুজের প্রতিনিধিরা।



