ফুটবল মাঠে নজিরবিহীন সংঘর্ষের ঘটনায় নতুন রেকর্ড গড়েছে ব্রাজিল। দেশটির অনূর্ধ্ব-২০ রাজ্য চ্যাম্পিয়নশিপে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে মোট ৫৩ জনকে লাল কার্ড দেখানো হয়েছে। এর মধ্য দিয়ে ভেঙে গেছে ২০১১ সালে আর্জেন্টিনার ঘরোয়া লিগে এক ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড। ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিনাস জেরাইস ফুটবল ফেডারেশনের প্রকাশিত রেফারির ম্যাচ রিপোর্ট অনুযায়ী, মামোরে ৩-১ গোলে জয় পাওয়ার পর যোগ করা সময়ের নবম মিনিটে সংঘর্ষের সূত্রপাত হয়। গোল উদ্যাপনের সময় মামোরের এক খেলোয়াড় প্রতিপক্ষের বেঞ্চের দিকে উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন। এর জেরে উবেরলান্দিয়ার এক কোচিং স্টাফ মাঠে ঢুকে ওই খেলোয়াড়কে ধাক্কা দেন। মুহূর্তের মধ্যেই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ সময় উভয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে রেফারি ফার্নান্দো পাত্রিক মোদেস্তো মাঠে উপস্থিত সবাইকে তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখাতে পারেননি। পরে ম্যাচের অফিশিয়াল প্রতিবেদনে উবেরলান্দিয়ার ২৪ জন এবং মামোরের ২৯ জনসহ মোট ৫৩ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে ৪৩ জন খেলোয়াড়, আটজন কোচিং স্টাফ ও দুজন ক্লাব কর্মকর্তা রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ৫২ মিনিটে উবেরলান্দিয়ার এক খেলোয়াড় লাল কার্ড দেখার পর ক্লাবটির তিন কর্মকর্তা মাঠে ঢুকে রেফারিকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। ম্যাচের শেষ দিকে বলবয় ও স্টাফদের মধ্যে বিশৃঙ্খলা এবং ড্রেসিংরুমে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং মামলা দায়ের করা হয়।
এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৬টি লাল কার্ড দেখানো হয়েছিল। এত দিন এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড হিসেবে সেটিই পরিচিত ছিল।
সূত্র: Yahoo Sports



