দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়াল। তবে এত বছরেও বিয়ের পরিকল্পনা করেননি তারা। কিন্তু তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানার পর জীবনের অনিশ্চয়তা নতুন করে ভাবতে বাধ্য করে হিনাকে। এরপরই প্রেমিক রকিকে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। মজার বিষয় হলো, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে।
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার উপস্থাপনায় ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের বিয়ের অভিজ্ঞতা তুলে ধরেন হিনা। সেখানে তিনি জানান, তাদের বিয়ের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ আকস্মিক। আগে থেকে এ নিয়ে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। বরং শারীরিক অবস্থার অনিশ্চয়তাই তাকে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে।
হিনা জানান, রকির সঙ্গে তার সম্পর্কের বয়স ১৩ থেকে ১৪ বছর। দীর্ঘ এই সময়ে বিয়ের বিষয়টি কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি তারা। কিন্তু তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সে সময় রকিকে তিনি বলেছিলেন, চাইলে তিনি নিজের পছন্দমতো অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারেন, অথবা তাকেই বিয়ে করতে পারেন। কারণ, আগামীকাল কী হবে, তা তিনি জানতেন না।
হিনার ভাষ্য অনুযায়ী, অসুস্থতার সময় রকির সামনে দুটি পথ খোলা রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত রকি হিনাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর আর দেরি না করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখে স্মৃতিচারণা করেন হিনা। এ সময় সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল কি না। জবাবে হিনা জানান, সময়টা ১৫ মিনিটেরও কম ছিল। তিনি বলেন, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। রকিরও বিয়ে নিয়ে কখনো কোনো আপত্তি ছিল না।
২০২৪ সালে হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের জুনে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি ও রকি। মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। সে সময়ও ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর।



