মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বাংলাদেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোস্টগার্ড। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে বাহিনীটি নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
‘মা ইলিশ সংরক্ষণ-২০২৬’ কার্যক্রম সফল করতে নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
অভিযান কার্যক্রম আরও কার্যকর করতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্টগার্ড। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণও অব্যাহত রয়েছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য।’ মা ইলিশ রক্ষায় সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বাহিনীটি বলেছে, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এদিকে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।



