ব্রাজিলের সাও পাওলোর ইপোরাঙ্গার কাসা দে পেদ্রা গুহায় (Casa de Pedra Cave) সম্প্রতি একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। হাইকার গিবা মোরাইসের ধারণ করা একটি ভিডিওতে মনে হচ্ছিল, যেন আকাশ থেকে সরাসরি কোনো ঝরনা নেমে আসছে।
আসল ঘটনা হলো, এটি মূলত একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। গুহার মুখের ঠিক ওপরের ফাটল দিয়ে পানি প্রবাহিত হয়, কিন্তু ক্যামেরার নির্দিষ্ট কোণ ও দূরত্বের কারণে মনে হয় পানি যেন সরাসরি ওপরের মেঘ বা আকাশ থেকে ঝুলন্ত অবস্থায় নিচে নামছে।
এর সাথে সূর্যালোকের প্রভাবে পানির ক্ষুদ্র কণাগুলোতে রংধনুর মতো নান্দনিক আলোর খেলা এই দৃশ্যটিকে আরও বেশি চমৎকার করে তোলে। প্রকৃতির এই অভিনব সৃষ্টি একদিকে যেমন অদ্ভুত সুন্দর, তেমনি এটি আমাদের দৃষ্টিশক্তির এক চমৎকার ধোঁকাও বটে।



