ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর সুবিধা আনতে যাচ্ছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘মেসেজ শিডিউলিং’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী বার্তা, ছবি, ভিডিও কিংবা লিংক পাঠানোর ব্যবস্থা করে রাখতে পারবেন। ফলে প্রিয়জনের জন্মদিনে রাত ১২টায় শুভেচ্ছা জানানো কিংবা জরুরি তথ্য সময়মতো পাঠাতে নির্দিষ্ট মুহূর্তে অনলাইনে থাকার প্রয়োজন হবে না।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এ ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। এটি চালু হলে ব্যবহারকারীরা কাঙ্ক্ষিত চ্যাটে গিয়ে মেসেজ লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলে একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন। সেখান থেকে বার্তা পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করা যাবে।
শুধু লিখিত বার্তা নয়, ছবি, ভিডিও ও লিংকও নির্ধারিত সময়ে পাঠানোর জন্য শিডিউল করা যাবে। ছবি বা ভিডিও পাঠানোর আগে তাতে ফিল্টার, ক্যাপশন কিংবা ড্রয়িং যুক্ত করার সুবিধাও থাকতে পারে। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বার্তা প্রস্তুত করে আগেই পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন।
জানা গেছে, নতুন ফিচারের মাধ্যমে অন্তত ১০ মিনিট পর থেকে শুরু করে পরবর্তী ১৪ দিনের মধ্যে যেকোনো সময়ের জন্য মেসেজ শিডিউল করা যাবে। নির্ধারিত সময়ের আগে ব্যবহারকারীরা চাইলে শিডিউল করা বার্তা সম্পাদনা কিংবা মুছে ফেলতে পারবেন। এতে পরিকল্পনা পরিবর্তন হলে নতুন করে বার্তা তৈরি করার প্রয়োজন হবে না।
ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি হোয়াটসঅ্যাপের গ্রুপেও ব্যবহার করা যাবে এ সুবিধা। গ্রুপে জরুরি ঘোষণা, প্রয়োজনীয় তথ্য কিংবা নির্দিষ্ট সময়ে পাঠানোর বার্তা আগেই তৈরি করে রাখা যাবে। এতে ব্যস্ততার কারণে গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে ভুলে যাওয়ার আশঙ্কা কমবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাপ খোলা না থাকলেও বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর ব্যবস্থা থাকবে। তবে ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা পাঠানোর সুবিধাটি ঠিক কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। শিডিউল করা বার্তাগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে বলে জানা গেছে। এর ফলে নতুন সুবিধা চালু হলেও বার্তা আদান-প্রদানে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং হোয়াটসঅ্যাপের নির্দিষ্টসংখ্যক বিটা ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পরীক্ষা শেষে কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।



