চলচ্চিত্র ও টেলিভিশনে দীর্ঘদিনের সফল পথচলার পর এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার (৯ অক্টোবর) নিজের নামে একটি আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল চালু করেন তিনি। চ্যানেলটি চালুর প্রায় এক ঘণ্টার মধ্যেই এর অনুসারীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে যায়। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট ভিডিও প্রকাশের মাধ্যমে ভক্তদের নতুন এই উদ্যোগের কথা জানান সালমান।
চ্যানেলের পরিচিতি অংশে নিজেকে চলচ্চিত্র অভিনেতা, শিল্পী, চিত্রকর ও মানবহিতৈষী হিসেবে তুলে ধরেছেন সালমান। তাঁর বার্তা থেকে ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট কোনো ধরনের কনটেন্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। চ্যানেল চালুর সময় সেখানে ১০টি ইউটিউব শর্টস ভিডিও প্রকাশ করা হয়। শুরুতে দীর্ঘ ভিডিওর পরিবর্তে ছোট ও হালকা মেজাজের কনটেন্ট দিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে কী ধরনের ভিডিও নিয়মিত প্রকাশ করবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা দেননি এই তারকা।
ভক্তদের ধারণা, নতুন চ্যানেলে ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত, সিনেমার শুটিংয়ের দৃশ্য, নতুন কাজের প্রচার এবং পর্দার আড়ালের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন সালমান। এর মাধ্যমে চলচ্চিত্র ও টেলিভিশনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভক্তদের সঙ্গে যোগাযোগের আরও একটি মাধ্যম তৈরি হলো তাঁর।
ইউটিউবে এরই মধ্যে নিজেদের উপস্থিতি গড়ে তুলেছেন বলিউডের অনেক তারকা। আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, নোরা ফাতেহি, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান, শিল্পা শেঠি কুন্দ্রা, আর্চনা পুরান সিং ও ফারাহ খানসহ অনেকে ভ্লগ, ভ্রমণ, ফিটনেস, রান্না এবং শুটিংয়ের নেপথ্যের নানা অভিজ্ঞতা নিয়ে ভিডিও প্রকাশ করেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুন ও মোহনলালেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এ ছাড়া টেলিভিশন তারকাদের মধ্যেও অনেকে লাইফস্টাইল ভিডিও ও ভ্লগের মাধ্যমে বড় দর্শকগোষ্ঠী তৈরি করেছেন।
এদিকে, ইউটিউবে নতুন যাত্রা শুরুর পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন সালমান খান। বর্তমানে ‘বিগ বস ২০’-এর সঞ্চালনা করছেন তিনি। রিয়েলিটি শোটির সঞ্চালক হিসেবে এটি তাঁর ১৬তম মৌসুম। চলচ্চিত্রের ক্ষেত্রে তাঁর পরবর্তী কাজ ‘মাত্রুভূমি’, যার আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ছবিটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর ছবিটির নতুন মুক্তির সময় এখনো ঘোষণা করা হয়নি।
এ ছাড়া পরিচালক বংশী পৈডিপল্লির ‘এসভিসি৬৩’ প্রকল্পেও যুক্ত রয়েছেন সালমান। ‘মনস্টার’ নামে পরিচিত এই চলচ্চিত্রে তাঁর সহশিল্পী নয়নতারা। ছবিটি ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে, চলচ্চিত্র ও টেলিভিশনের ব্যস্ততার মধ্যে ইউটিউবে সালমান খানের আগমন ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। এখন দেখার বিষয়, নতুন এই প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট নিয়ে হাজির হন বলিউডের এই সুপারস্টার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



