২০২৬ সালের ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এর মধ্য দিয়ে এবারের পুরস্কারের বিজয়ীর নামও চূড়ান্ত হয়েছে। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম প্রকাশ করা হবে না।
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কারের জন্য ফ্রান্স ফুটবলের প্রকাশিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে নির্বাচিত জুরিরা চূড়ান্ত ভোট দিয়েছেন। এবারের দৌড়ে শেষ মুহূর্ত পর্যন্ত একক কোনো প্রার্থীকে স্পষ্ট ফেভারিট হিসেবে দেখা না যাওয়ায় প্রতিযোগিতা ছিল বেশ জমজমাট।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের ১০০ জন ক্রীড়া সাংবাদিককে নিয়ে গঠিত জুরি বোর্ডের প্রতিটি সদস্য ১০ জন করে সেরা ফুটবলার নির্বাচন করেন। পছন্দের ক্রমানুসারে তাদের দেওয়া হয় ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। সব ভোট গণনার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই জিতবেন কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর।
ভোটের ক্ষেত্রে মূলত তিনটি বিষয় বিবেচনা করা হয়—ব্যক্তিগত নৈপুণ্য, দলগত সাফল্য এবং খেলার মান ও ফেয়ার প্লে। ব্যক্তিগত নৈপুণ্যের ক্ষেত্রে দলের জয়ে খেলোয়াড়ের অবদান ও গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়। দলগত সাফল্যের ক্ষেত্রে ক্লাব ও জাতীয় দলের হয়ে অর্জিত শিরোপা এবং সম্মিলিত পারফরম্যান্স বিবেচনায় আসে। পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ ও মাঠের সামগ্রিক ফুটবল মানও ভোটের অন্যতম মানদণ্ড।
এবারের ব্যালন ডি’অর দৌড়ে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। পাশাপাশি ৩৯ বছর বয়সেও ইন্টার মিয়ামির হয়ে ভালো ছন্দে থাকা লিওনেল মেসির সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এছাড়া প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্পেন জাতীয় দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা খভিচা কাভারেস্খেইয়া, উসমান দেম্বেলে, ফ্যাবিয়ান রুইজ ও রদ্রির নামও আলোচনায় রয়েছে।
পুরস্কার প্রবর্তনের ৭০তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৬ অক্টোবর (সোমবার) যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন প্যালাডিয়ামে বসবে ব্যালন ডি’অরের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জয়ী স্যার স্ট্যানলি ম্যাথুসকে বিশেষ সম্মাননা জানানোর মধ্য দিয়ে ফুটবলের এই ঐতিহাসিক রাত উদযাপন করা হবে।
তথ্যসূত্র: এএস



