চলমান হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচির অধীনে বিগত পাঁচ মাসে দেশের ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে সফলভাবে টিকার আওতায় এনেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, শুরুতে ১৮ কোটি ১ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকাদানের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে সরকারের নিবিড় তদারকি ও ত্বরান্বিত পদক্ষেপের ফলে মূল লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ১০ শতাংশ বেশি অর্জিত হয়েছে।
চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত সাড়া দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল থেকে প্রথম পর্যায়ে ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হয়। পরবর্তীতে ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা যুক্ত হয় এবং ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের টিকাদান একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। মহামারী প্রতিরোধ ও কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে, সে উদ্দেশ্যে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবারও দেশজুড়ে আরও একটি জোরালো টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। দেশের কোনো শিশুই যেন এই বিশেষ সুরক্ষার বাইরে না থাকে, তা নিশ্চিত করাই স্বাস্থ্য বিভাগের মূল লক্ষ্য।



