স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মানুষ কখনো কখনো পাড়ি দেয় অচেনা পথ, আর সেই পথই তাকে ফিরিয়ে আনে নিজের কাছে। আত্মঅন্বেষণ, নিয়তি ও স্বপ্নপূরণের এমনই এক প্রতীকী যাত্রার গল্প নিয়ে ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর আলোচিত উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। আন্দালুসিয়ার এক তরুণের মিসরীয় পিরামিডের উদ্দেশে দীর্ঘ অভিযানের গল্প এবার নাট্যরূপে জীবন্ত হবে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নাটকে। নাট্যদল এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনাটি মঞ্চস্থ হবে আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর। নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনায় রয়েছেন তালহা জুবায়ের।
‘দ্য আলকেমিস্ট’ উপন্যাসের মূল বার্তা হলো—‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই স্বপ্ন পূরণের জন্য তোমার পক্ষে কাজ শুরু করে।’ এই সর্বজনীন দর্শন এবং জীবনের পরম সত্যকে নাট্যমঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ প্রযোজনায়।
এক্টোম্যানিয়ার দলপ্রধান ও নির্দেশক তালহা জুবায়ের বলেন, বর্তমান সময়ে মানুষ ক্যারিয়ারের ইঁদুরদৌড়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছে যে অনেক সময় জীবনে আসলে কী করতে চেয়েছিল, তা ভুলে যায়। ‘আলকেমিস্ট’ মানুষকে মনে করিয়ে দেয়, প্রত্যেকের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, যা অর্জনের জন্য সে জন্মেছে। নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্যই এই প্রযোজনা। তার মতে, নাটকটি দর্শকের মধ্যে স্বপ্ন দেখার তাগিদ এবং আত্মিক যাত্রার আকাঙ্ক্ষাকে নতুনভাবে জাগিয়ে তুলবে।
নির্দেশক জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নাটকের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এরপর ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় দ্বিতীয় ও সন্ধ্যা ৭টায় তৃতীয় শো এবং ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় চতুর্থ ও সন্ধ্যা ৭টায় পঞ্চম শো মঞ্চস্থ হবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সালাউদ্দিন ইভান, কামরুল তিহান, ফাতেমা ইলমা, সায়েরা আকতার, মাহবুবা মৌ, সানবি মীর, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, মইনুল বাপ্পী, বরিষ-ধরা, সাকিব শুভ, ঐশি রায়, দিবাকর জিতু, সাদ, রিহাদ ইসলাম, আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র ও জনি।



