হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও বা ভিডিও কলে যুক্ত হওয়ার নতুন সুবিধা চালু হতে যাচ্ছে। এ সুবিধা চালু হলে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল করা বা অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক হবে না। ওয়েব ব্রাউজারে একটি লিংকে প্রবেশ করেই হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কলে অংশ নেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের টেক্সট কথোপকথনে যুক্ত করার জন্য ‘Guest Chat’ সুবিধা রয়েছে। নতুন কল সুবিধাটিও একই ধরনের পদ্ধতির ভিত্তিতে তৈরি করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও লিংকের মাধ্যমে নির্দিষ্ট অডিও বা ভিডিও কলে যুক্ত হওয়া সম্ভব হবে।
নতুন সুবিধাটি ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপের ‘Calls’ ট্যাব থেকে একটি কল লিংক তৈরি করতে হবে। এরপর অডিও বা ভিডিও কলের ধরন নির্বাচন করে লিংকটি বার্তা, ই-মেইল কিংবা অন্য কোনো মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো যাবে। প্রাপক লিংকে প্রবেশ করলে ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কলের পর্দা চালু হবে এবং সেখান থেকেই কলে যুক্ত হওয়া যাবে।
কল চলাকালে লিংক তৈরি ও পাঠানো ব্যক্তি চাইলে নতুন অংশগ্রহণকারী যুক্ত করতে কিংবা কোনো অংশগ্রহণকারীকে বাদ দিতে পারবেন। প্রয়োজনে একসঙ্গে সব অংশগ্রহণকারীর জন্য কলও বন্ধ করে দেওয়া যাবে।
অ্যাকাউন্ট ছাড়া যুক্ত হওয়া অতিথিদের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে অ্যাকাউন্ট ছাড়াই কলে অংশ নেওয়া গেলেও কথোপকথনের নিরাপত্তা বজায় রাখার ব্যবস্থা থাকবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল করতে হলে সাধারণত উভয় পক্ষেরই অ্যাপ ও অ্যাকাউন্ট প্রয়োজন হয়। বিশেষ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকা সম্ভাব্য গ্রাহক বা যোগাযোগকারীদের সঙ্গে সরাসরি কলে যুক্ত হওয়ার ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের সমস্যায় পড়তে হয়। নতুন সুবিধাটি চালু হলে এ ধরনের সীমাবদ্ধতা অনেকটাই কমে আসতে পারে।
জুম বা গুগল মিটের মতো লিংকে ক্লিক করেই কলে যুক্ত হওয়ার সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের যোগাযোগ আরও সহজ ও সুবিধাজনক হতে পারে। তবে সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে এটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।



