যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে বিশেষ কল সেন্টার চালু করা হয়েছে। নতুন এই সেবার মাধ্যমে প্রবাসীরা কনস্যুলার কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজেই পেতে পারবেন। এ জন্য ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কল সেন্টারটির কার্যক্রম শুরু হয়। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা আরও সহজ করার বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।
কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর, তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ দ্রুত পেতে পারবেন। কল সেন্টার পরিচালনার জন্য প্রযুক্তি-সচেতন ও দক্ষ একদল তরুণকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা সেবাপ্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
সেবাপ্রত্যাশীদের কার্যকর ও সময়োপযোগী সাড়া নিশ্চিত করতে সপ্তাহের সাত দিনই কল সেন্টারটি খোলা থাকবে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই সেবা চালু থাকবে। কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোনে সংযোগ স্থাপন সম্ভব না হলে সেবাপ্রত্যাশীরা ভয়েস মেইল রেখে যেতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্টরা সেই বার্তা পর্যালোচনা করে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করবেন।
সংশ্লিষ্টদের আশা, নতুন এই কল সেন্টার চালুর ফলে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে। পাশাপাশি কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের সময় ও ভোগান্তি কমবে এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার প্রক্রিয়াও আরও সহজ হবে।



