
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিনা আক্তার) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ১৫ আগস্ট শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে নিজ বাসার সিলিং ফ্যানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ হেফাজতে নেয় এবং পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ ও ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক আলামত ও তদন্ত সূত্রে পুলিশ ধারণা করছে ঘটনাটি আত্মহত্যাজনিত।
পরিবারের বরাতে পুলিশ আরও জানায়, মৃত্যুর পূর্বে এক যুবকের সাথে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হচ্ছিল। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে ভাটারা থানায় আইনি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনাটির সার্বিক তদন্ত শুরু করেছে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।


