ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রবাসী ব্যবসায়ী কমল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী শিশুকন্যা আরোয়া ইসলাম আরিশার মরদেহ অবশেষে বাংলাদেশে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা মরদেহগুলো গ্রহণ করে গ্রামের বাড়ি নোয়াখালীর উদ্দেশ্যে নিয়ে যান। সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
গত ২৬ জুন রোমের ক্যাসালোত্তি এলাকার নিজ অ্যাপার্টমেন্টে দুর্বৃত্তদের নির্মম ছুরিকাঘাতে একই পরিবারের এই তিন সদস্য প্রাণ হারান। ওই ভয়াবহ হামলায় পরিবারের একমাত্র ছেলে অয়ন গুরুতর আহত হয়ে ইতালির জেমেলি পলিক্লিনিক হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন। তিনি কিছুটা সুস্থ হয়ে মা, বাবা ও ছোট বোনের জানাজায় অংশ নিতে দেশের উদ্দেশ্যে রওনা হন।
হত্যাকাণ্ডের দেড় মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও মূল আসামিকে এখনো গ্রেপ্তার না করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্বজনরা। রোম পুলিশ এ ঘটনার ক্লু উদ্ধারে তদন্ত অব্যাহত রাখলেও দ্রুত প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।



