ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এসেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তার ব্র্যান্ড মূল্য প্রায় ২২ শতাংশ বেড়েছে। এর আগে ২০২৩ সালে এই মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ মার্কিন ডলার। অর্থাৎ মাত্র দুই বছরে শাহরুখের ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। ২০২৪ সালে তিনি তালিকায় তৃতীয় অবস্থানে থাকলেও ২০২৫ সালে বড় উত্থানের মাধ্যমে শীর্ষস্থান দখল করেন।
রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের শীর্ষ ২৫ সেলিব্রিটির সম্মিলিত ব্র্যান্ড মূল্য বর্তমানে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। গত এক বছরে শাহরুখ খান ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরেসহ একাধিক নতুন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের অংশীদারত্বও অব্যাহত রয়েছে। ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতে তার ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
বিশ্লেষকদের মতে, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্র্যান্ড জগতেও শাহরুখ খানের ধারাবাহিক সাফল্য তার ব্যাপক জনপ্রিয়তা এবং শক্তিশালী বাজারমূল্যের প্রতিফলন। দীর্ঘ ক্যারিয়ার, জনপ্রিয়তা ও বিভিন্ন খাতে ব্র্যান্ড অংশীদারত্ব তাকে ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে।



