নারী ও শিশুদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সম্মানজনক গণপরিবহন নিশ্চিত করতে বগুড়ায় চালু হতে যাচ্ছে বিশেষ বাস সার্ভিস। এ উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর বগুড়া ডিপোতে দুটি বিশেষ বাস পৌঁছেছে। এই বাসগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—চালক, সুপারভাইজারসহ সব কর্মীই হবেন নারী। গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার করা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই বাস দুটি বগুড়া শহরের বিভিন্ন রুটে নিয়মিত চলাচল শুরু করবে। তবে কোন কোন রুটে বাস চলবে এবং ভাড়া কত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
বিআরটিসির বগুড়া ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বাসের রুট ও ভাড়া সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হবে। সেই নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ এই নারী বাস সার্ভিস যাত্রী পরিবহন শুরু করবে। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে তাদের আস্থা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়াবে।



