স্পেনের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা ও ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। মাদ্রিদের দাবানলকবলিত অঞ্চলের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করতে তিনি ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। সম্প্রতি মাদ্রিদের গ্রামাঞ্চলে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক সহায়তা প্রদান করেন তিনি।
মেসির এই অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আইউসো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বার্সেলোনার সাবেক এই তারকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইউসো জানান, মাদ্রিদের সিয়েরা ওয়েস্ট অঞ্চলের পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য মেসির এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি স্পেনের মাদ্রিদ অঞ্চলে সংঘটিত ভয়াবহ দাবানলে প্রায় ৭৫ হাজার এলাকা পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, মৌলিক অবকাঠামো এবং বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়েন। এমন দুর্যোগের সময় মেসির এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মানবিক কর্মকাণ্ডে লিওনেল মেসির সম্পৃক্ততা নতুন নয়। ২০০৭ সালে ‘লিও মেসি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকেই তিনি সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে নিয়মিত কাজ করে আসছেন। বৈশ্বিক কিংবা আঞ্চলিক বিভিন্ন দুর্যোগেও বারবার সহায়তার হাত বাড়িয়েছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় আর্জেন্টিনার হাসপাতালগুলোতে ভেন্টিলেটর ও চিকিৎসাসামগ্রী কেনার জন্য প্রায় সাড়ে পাঁচ লাখ ডলার অনুদান দেন তিনি। একই সময়ে স্পেনের হাসপাতাল ক্লিনিক বার্সেলোনাসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রের জন্য আরও ১১ লাখ ডলার সহায়তা প্রদান করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এ খেললেও স্পেনের সঙ্গে মেসির সম্পর্ক এখনো গভীর। মাদ্রিদের দাবানল দুর্গতদের জন্য এই সহায়তা তার দীর্ঘদিনের মানবিক উদ্যোগেরই ধারাবাহিকতা। এর আগে স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও তিনি ১১ লাখ ডলার অনুদান দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।



