ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের পেইড ব্যবহারকারীদের জন্য নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ (X Money) চালু করেছে। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক অর্থ লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক, বার্ষিক মুনাফা এবং ডিজিটাল ব্যাংকিং-সদৃশ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্য দিয়ে এক্সকে একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্ল্যাটফর্মে রূপ দেওয়ার পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।
এক্সের তথ্য অনুযায়ী, এক্স মানি ব্যবহারকারীদের একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে, যা তাৎক্ষণিকভাবে অ্যাপল পে-এর সঙ্গে যুক্ত করা যাবে। পরবর্তীতে ব্যবহারকারীদের হাতে একটি ফিজিক্যাল ভিসা ডেবিট কার্ডও পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে বিদেশে লেনদেনে অতিরিক্ত ফি দিতে হবে না এবং বিশ্বের বিভিন্ন দেশের এটিএম থেকে বিনা খরচে নগদ অর্থ উত্তোলনের সুবিধাও পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই অর্থ পাঠানো, গ্রহণ এবং কেনাকাটার মতো দৈনন্দিন আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এক্সের প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য থাকছে আরও কিছু বিশেষ সুবিধা। জমা রাখা অর্থের ওপর বছরে ৬ শতাংশ হারে মুনাফা (APY) দেওয়া হবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া ডাইরেক্ট ডিপোজিট সুবিধা চালু থাকলে নির্ধারিত সময়ের আগেই নতুন জমা হওয়া অর্থ ব্যবহারের সুযোগও থাকবে।
বিশ্লেষকদের মতে, এক্স মানি চালুর মাধ্যমে ইলন মাস্ক তার বহুদিনের ‘এভরিথিং অ্যাপ’ তৈরির স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। টুইটার অধিগ্রহণের পর থেকেই তিনি এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা বলে আসছেন, যেখানে সামাজিক যোগাযোগের পাশাপাশি অর্থ লেনদেন, অনলাইন কেনাকাটা এবং বিভিন্ন ডিজিটাল সেবা একই জায়গা থেকে পাওয়া যাবে।
সূত্র: টেকক্রাঞ্চ



