যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত ৯ম বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস-এর। তিন দিনব্যাপী এই আয়োজন বাংলা ভাষা, চলচ্চিত্র, সংস্কৃতি ও শিল্পচর্চাকে ঘিরে প্রবাসী বাঙালিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।
ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফে-তে অনুষ্ঠিতব্য এ উৎসব চলবে ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দুই বাংলার নির্বাচিত চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে উৎসবের আয়োজন। দর্শকদের জন্য প্রদর্শিত হবে ৪টি পূর্ণদৈর্ঘ্য ও ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে উঠে আসবে বাংলা সমাজ, সংস্কৃতি, জীবনবোধ ও মানবিক সম্পর্কের নানা গল্প।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে থাকছে নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর (Q&A) পর্ব। এতে দর্শকরা চলচ্চিত্র নির্মাণের নেপথ্য গল্প, সৃজনশীল ভাবনা এবং নির্মাতাদের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিত করে তোলা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করাই এই উৎসবের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে চলচ্চিত্রপ্রেমী, শিল্পী, নির্মাতা ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে এই আয়োজন।
উৎসব ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের বাঙালি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, এবারের উৎসবও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য স্মরণীয় এক সাংস্কৃতিক আয়োজনে পরিণত হবে।



