ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের তারকাদের মধ্যে শীর্ষস্থান দখল করলেও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে নিজের কোনো তুলনা হয় না বলে মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বর্তমানে তার অফিসিয়াল ফেসবুক পেজ ও প্রোফাইল মিলিয়ে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি, যেখানে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। সম্প্রতি রাজধানীতে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে পরীমনি বলেন, সাকিব একজন আন্তর্জাতিক মানের তারকা, যার পরিচিতি ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে। অন্যদিকে তিনি দেশের বাইরে তেমন কোনো কাজ করেননি। তাই সাকিবের সঙ্গে নিজের তুলনা করা একেবারেই যৌক্তিক নয় বলে মনে করেন এই অভিনেত্রী।
সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হওয়া সমালোচনাও তুলে ধরেন পরীমনি। তিনি বলেন, সামাজিক মাধ্যমে তাকে নিয়ে প্রায়ই অযাচিত মন্তব্য করা হয়। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে ছবি প্রকাশ করলেও সমালোচনার মুখে পড়তে হয়। তার ভাষায়, অনেকেই যেন তাকে সবসময় একা বা শুধুমাত্র সন্তানের সঙ্গে দেখতে চান, যা তাকে বিস্মিত করে।
এ সময় প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা নিয়েও কথা বলেন পরীমনি। দলের পরাজয় প্রসঙ্গে জানতে চাইলে হাস্যরসের সুরে তিনি বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করবো (জিতলে)।’ তার এমন মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যেও হাসির রোল পড়ে।



