বাংলাদেশের শোবিজ অঙ্গনে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের তারকাদের মধ্যে দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে এখন সবচেয়ে বেশি অনুসারীর মালিক হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের তারকাদের মধ্যে নতুন রেকর্ড গড়লেন এই অভিনেত্রী।
সর্বশেষ তথ্য অনুযায়ী, পরীমনির অফিশিয়াল ফেসবুক পেজ ও প্রোফাইল মিলিয়ে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। অর্থাৎ প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) অনুসারীর ব্যবধানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর রেকর্ড এখন পরীমনির দখলে।
জানা গেছে, গত বছর পর্যন্ত পরীমনি ও সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। এক পর্যায়ে আবারও এগিয়ে যান সাকিব। তবে সময়ের সঙ্গে পরীমনির জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় সর্বশেষ পরিসংখ্যানে তিনি সাকিবকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন।
ব্যক্তিগত জীবন, চলচ্চিত্রের বিভিন্ন কাজ, দুই সন্তানকে ঘিরে আবেগঘন মুহূর্ত এবং সামাজিক নানা বার্তা নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। এছাড়া তার বিভিন্ন পোস্ট, ছবি ও লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনলাইন প্ল্যাটফর্মে এই ধারাবাহিক সক্রিয়তা ও ভক্তদের সম্পৃক্ততার প্রতিফলনই দেখা গেছে তার অনুসারীর সংখ্যায়।
ফেসবুকে এই নতুন রেকর্ডের মাধ্যমে পরীমনি আবারও প্রমাণ করলেন, অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এখন দেশের বিনোদন অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।



