কনসার্ট উপলক্ষে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) রাতে রাজধানীতে পৌঁছানোর পর বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বিশেষভাবে দেশের খাবারের প্রশংসা করেন এই শিল্পী।
বাংলাদেশের খাবার সম্পর্কে জানতে চাইলে আতিফ আসলাম জানান, তার সবচেয়ে প্রিয় খাবার খিচুড়ি। পাশাপাশি বাংলাদেশের চা ও বিরিয়ানিরও ভূয়সী প্রশংসা করেন তিনি। আতিফ বলেন, “আপনাদের চা দারুণ লাগে, আর বাংলাদেশের বিরিয়ানিরও কোনো তুলনা হয় না। আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। কেউ যখন আমাকে জিজ্ঞেস করে চাইনিজ বা থাই খাবার পছন্দ কিনা, তখন আমি বলি—একবার বাংলাদেশে গিয়ে এখানকার খাবার খেয়ে দেখুন, তারপর আমাকে বলুন।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে আসে। অতীতের একটি সংগীত প্রতিযোগিতার স্মৃতিচারণ করে আতিফ বলেন, তিনি ও রুনা লায়লা একই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় রুনা লায়লা জনপ্রিয় গান ‘ও লাল মেরি’ পরিবেশন করেছিলেন। আতিফ তার প্রশংসা করে বলেন, “তিনি অসাধারণ একজন শিল্পী এবং সত্যিকারের কিংবদন্তি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য অত্যন্ত আনন্দের।”
বাংলাদেশে তার কোনো আত্মীয়স্বজন রয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে হাস্যরসের সঙ্গে আতিফ বলেন, “আপনারা সবাই আমার আত্মীয়, আমার পরিবারের মতো। তবে বাস্তব অর্থে বলতে গেলে, এখানে কাজের সূত্রে পরিচিত কিছু মানুষ ছাড়া আমার আর কোনো আত্মীয় নেই।”
উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট। এ আয়োজনে তার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ-ও সংগীত পরিবেশন করবে।



