২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব ফুটবলে নতুন করে আলোচনায় এসেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সেও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি শুধু দর্শক-সমর্থকদেরই মুগ্ধ করেননি, নিজের বাজারমূল্যও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে নিয়েছেন। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের আগে তার আনুমানিক বাজারমূল্য ছিল মাত্র ৫০ হাজার ইউরো। টুর্নামেন্ট শেষে সেই মূল্য এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে, যা এবারের বিশ্বকাপের পর সবচেয়ে বড় মূল্যবৃদ্ধিগুলোর একটি।
পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন ভোজিনহা। কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে তিনি ছিলেন দলের অন্যতম প্রধান ভরসা। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে দুর্দান্ত গোলকিপিং করে গোলশূন্য ড্র নিশ্চিত করেন তিনি। পরে শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষেও একের পর এক অসাধারণ সেভ করে দলকে লড়াইয়ে রাখেন। যদিও অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে কেপ ভার্দের বিশ্বকাপ অভিযান শেষ হয়, তবুও ভোজিনহার পারফরম্যান্স আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতো জানিয়েছে, চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো ইতোমধ্যেই এই অভিজ্ঞ গোলরক্ষককে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ক্লাবটি ভোজিনহার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ৪০ বছর বয়সেও অসাধারণ ফর্ম ধরে রাখা এই গোলরক্ষক চলতি দলবদল মৌসুমের অন্যতম আলোচিত ফুটবলার হয়ে উঠেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার নতুন ক্লাবের নাম জানা যেতে পারে।



