বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সঙ্গীতশিল্পী, ইলেকট্রনিক মিউজিক প্রযোজক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব ঢাকায় পৌঁছেছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসা এই শিল্পী এবার দেশের দর্শকদের জন্য মঞ্চে উঠতে যাচ্ছেন রাজধানীর বনানীতে।
সঞ্জয় দেব অংশ নেবেন ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এ, যা গত ১৪ জুলাই থেকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে শুরু হয়েছে এবং চলবে ২০ জুলাই পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৬টায় এই উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে লাইভ পারফর্ম করবেন সঞ্জয় দেব। তার সঙ্গে মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন শিল্পীও।
ঢাকায় পৌঁছে সঞ্জয় দেব উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি এখন বাংলাদেশে। শাহ সিমেন্টের আয়োজনে বনানীর মঞ্চে আপনাদের সঙ্গে দেখা হবে ১৯ জুলাই। আপনাদের জন্য পারফর্ম করতে আমি ভীষণ উচ্ছ্বসিত এবং মুখিয়ে আছি। সন্ধ্যা ৬টায় দেখা হচ্ছে।”
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সঞ্জয় দেবের এই বিশেষ পারফরম্যান্সই এবারের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সংয়ের সঙ্গে যুক্ত এই শিল্পীকে দেশে পেয়ে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
ছয় দিনব্যাপী এই উৎসবে শুধু সংগীতই নয়, দর্শকদের জন্য থাকছে নানা ধরনের বিনোদনের আয়োজন। বিশাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ। পাশাপাশি থাকবে লাইভ মিউজিক, ডিজে শো, দর্শক অংশগ্রহণমূলক কার্যক্রম, গেমস, ফুড জোন এবং বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের বিশেষ আয়োজন।
সঙ্গীত ও ফুটবল উন্মাদনার এই মিলনমেলায় সঞ্জয় দেবের উপস্থিতি উৎসবটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলেই প্রত্যাশা করছেন আয়োজক ও দর্শকরা।



