দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাগুলো নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী চলবে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে।
তবে টানা বৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষা ছিল না। আগামী সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া চলতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবারও নির্ধারিত পরীক্ষার সূচি রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি পর্যবেক্ষণের পরই চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।



