ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সঙ্গীতজ্ঞ, ইলেকট্রনিক মিউজিক প্রযোজক ও ডিজে সঞ্জয় দেব এবার আসছেন ঢাকার দর্শকদের মাতাতে। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’, যেখানে থাকছে তার বিশেষ লাইভ পারফরম্যান্স। আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে ছয় দিনব্যাপী এই আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সঞ্জয় দেবের পরিবেশনা হবে এ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সংয়ের সঙ্গে যুক্ত এই জনপ্রিয় শিল্পী আগামী ২০ জুলাই ঢাকার মঞ্চে দর্শকদের জন্য বিশেষ পরিবেশনা উপহার দেবেন। তার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরাও অংশ নেবেন বিভিন্ন সঙ্গীত পরিবেশনায়।
সঙ্গীতের পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। উৎসব চলাকালে বিশাল পর্দায় সরাসরি প্রদর্শন করা হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। এছাড়া থাকবে লাইভ মিউজিক, ডিজে পারফরম্যান্স, দর্শকদের অংশগ্রহণে নানা বিনোদনমূলক কার্যক্রম, গেমস, খাবারের আয়োজন এবং স্পনসরদের বিশেষ আকর্ষণ। সব মিলিয়ে ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’ হতে যাচ্ছে সঙ্গীত ও ফুটবলপ্রেমীদের জন্য এক বর্ণিল মিলনমেলা।



