ভেনেজুয়েলায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর হার্নান গিল নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে থেকে তাকে শনাক্ত করার ১০০ ঘণ্টারও বেশি সময় পর উদ্ধার করেন দমকলকর্মীরা। বৃহস্পতিবার (২ জুন) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এর আগে চিলির এক দমকলকর্মী এই উদ্ধার অভিযানটিকে নিজের মোকাবিলা করা সবচেয়ে জটিল ও প্রযুক্তিগতভাবে কঠিন অভিযান বলে বর্ণনা করেছিলেন।
গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে প্রায় ২ হাজার ৩শ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনো অগণিত মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার হার্নান গিলকে খুঁজে পাওয়ার পর থেকে শত শত উদ্ধারকর্মী তাকে মুক্ত করতে কাজ করে যাচ্ছিলেন। এই উদ্ধার অভিযানে ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলো যৌথভাবে অংশ নেয়। উদ্ধারকারীদের বর্ণনায়, গিলের কাছে পৌঁছানোর জন্য তারা যে প্রবেশপথ তৈরি করেছিলেন, তার অংশবিশেষ বেশ কয়েকবার ধসে পড়ে—যা উদ্ধারকারীদের পাশাপাশি গিলের জন্যও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল।



