স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। গত বুধবারের এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ জনে, আহত হয়েছেন ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ। দেশটির উপকূলীয় শহর লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে শতাধিক ভবন ধসে পড়েছে এবং ৭০ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কারাকাসেও বহু স্থাপনা ধসে পড়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন। সময় যত গড়াচ্ছে, জীবিতদের উদ্ধারের সম্ভাবনা কমে আসছে।
উদ্ধারকর্মীরা প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের মধ্যেও নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ স্বজনদের খোঁজে উদ্ধারস্থলগুলোতে ভিড় করছেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর কাছে দ্রুত ভারী যন্ত্রপাতি ও উদ্ধারকর্মী পাঠানোর আবেদন জানিয়েছেন। সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো, চিলি, এল সালভাদরসহ একাধিক দেশ উদ্ধারকারী দল, মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। একইসঙ্গে দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে।



