বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীন তার অবস্থান থেকে সরে আসবে না। শি জিনপিং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে বলেন, চীন সবসময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী ও বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকবে এবং যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করবে।
বৈঠকে দুই দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনাবিষয়ক অভিজ্ঞতা বিনিময়, সব পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, কৌশলগত সংলাপ গভীর করা এবং রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করেন চীনের প্রেসিডেন্ট। তিনি জানান, উভয় দেশের মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ সম্পর্ক গড়ে তোলার নীতির কথা তুলে ধরে তিনি বলেন, চীনের উন্নয়ন প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য নতুন সুযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বার উন্মোচন করবে।
শি জিনপিং বাংলাদেশের নতুন সরকারের রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টার প্রতিও সমর্থন ব্যক্ত করেন এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও স্থানীয় সরকার পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সংযোগ জোরদারে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি। জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় প্ল্যাটফর্মে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী করতে চীন আগ্রহী বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট শি জিনপিং।



