লিওনেল মেসি আর রেকর্ড—যেন একে অপরের পরিপূরক। আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা থেকে শুরু করে সর্বোচ্চ ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব (ব্যালন ডি’অর)—কী নেই তার ঝুলিতে? এবার বিশ্বমঞ্চের রেকর্ডবুকেও নিজের নাম উজ্জ্বল করছেন এই কিংবদন্তি।
এই বিশ্বকাপে ইতিমধ্যেই রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর বিশ্বকাপে ১৫ গোলের রেকর্ড ভেঙে গোলসংখ্যা ১৬-এ পৌঁছেছেন। এখন তিনি জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসারের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে আছেন। আজকের ম্যাচে একটি গোল করলেই এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার খেতাব চলে যাবে তার দখলে।
শুধু গোল নয়, ক্লোসারের আরেকটি রেকর্ডও ভাঙার দ্বারপ্রান্তে মেসি। বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ১৭টি ম্যাচে জয়ের রেকর্ড আছে ক্লোসারের। আলজেরিয়ার বিপক্ষে জয় ছিল মেসির ১৭তম জয়। অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচটি জিতলে এই তালিকায়ও তিনি ছাড়িয়ে যাবেন ক্লোসারকে।
এছাড়া বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে গোল দেওয়ার রেকর্ডটিও ভাঙতে পারেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলটি তিনি পেয়েছিলেন বক্সের বাইরে থেকে, যা তার এই তালিকায় গোলসংখ্যা ৫-এ নিয়ে গেছে। এখন তিনি ব্রাজিলের রিভেলিনোর সঙ্গে যৌথভাবে শীর্ষে। আরেকটি গোল করলেই এই রেকর্ডটিও হবে এককভাবে তার। উল্লেখ্য, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার এবং ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছিলেন মেসি।
অন্যদিকে, সর্বোচ্চ ৬ বার বিশ্বকাপ খেলার রেকর্ডে প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামলেই মেসির সামনে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ অপেক্ষা করছে।



