ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। স্ত্রী আফরা ইভনাত ইকরা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এই অভিনেতা। তবে আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন আলভী এবং ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান।
শুনানিতে আলভীর পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়াসহ একাধিক আইনজীবী শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদনের পক্ষে শুনানি করেন। আলভীর পক্ষে জামিন আবেদনে বলা হয়, তিনি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এবং প্রেমের বিয়ে করার কারণে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে বাদী হয়রানিমূলকভাবে এই মামলা দায়ের করেছেন। এজাহারে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং ঈদ উপলক্ষে নাটক নির্মাণের জন্য তিনি ২৫ ফেব্রুয়ারি নেপালে অবস্থানকালে মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’। উল্লেখ্য, আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন এবং তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। এই মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।



