ফুটবলে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বড় সমর্থক হিসেবে সবার পরিচিত বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই কথা প্রায় সবারই জানা। তবে এবারের ফুটবল বিশ্বকাপ শুরুর আগে তিনি দৈনিক আজকের পত্রিকাকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, টিকিট জোগাড় করতে পারলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের খেলা তিনি ব্রাজিলের জার্সি পরে দেখবেন। আর ম্যাচের দিন দেখা গেল তিনি সত্যিই ‘পল্টি’ মেরেছেন। রোববার (১৪ জুন) নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কো বনাম ব্রাজিলের ম্যাচটি দেখতে যান তিনি। সেখানে তিনি পরেছিলেন তারকা ফুটবলার নেইমারের সই করা ব্রাজিলের জার্সি। ম্যাচ শেষে বেরিয়ে সাকিব সাংবাদিকদের বলেন, তিনি খেলাটি ভালোই উপভোগ করেছেন। তবে মজার ব্যাপার হলো—ব্রাজিলের জার্সি পরলেও মনে মনে তিনি মরক্কোর সমর্থক ছিলেন। নেইমারের স্বাক্ষর করা ওই জার্সি প্রসঙ্গে সাকিব জানান, এটি তাকে দিয়েছেন রবিন ভাই। রবিন ভাইয়ের দেয়া না হলে এই জার্সি পরা হতো না। খেলার মান নিয়ে সাকিব বলেন, ‘আমি ফুটবল বিশেষজ্ঞ নই। খেলা দেখতে এসেছি, ভালোই লেগেছে। তবে মরক্কো ভালো খেলেছে।’ এর আগে, নেইমারের বন্ধু হিসেবে পরিচিত রবিন মিয়া সাকিবের সঙ্গে ব্রাজিলের জার্সি পরিহিত একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করে লেখেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’



