আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পে-স্কেল বাস্তবায়নের প্রথম ধাপের বরাদ্দ থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ ছাড়া শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ‘মিড ডে মিল’ ও ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ চালুর উদ্যোগও থাকছে নতুন বাজেটে। আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করা হচ্ছে; নতুন ভাষা শিখতে শিক্ষার্থীরা ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।
২০২৬-২৭ অর্থবছরের মোট বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব সংগ্রহ লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে এনবিআরের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। রাজস্ব ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা—এতে ৪৮ শতাংশ পূরণ হবে বৈদেশিক উৎস থেকে এবং ৫২ শতাংশ অভ্যন্তরীণ উৎস থেকে। এবার সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ থাকছে ৩০ শতাংশ। মেট্রোরেলে ২০২৮ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি রাখা হচ্ছে। ঋণ ও আমানতে আবগারী শুল্ক মওকুফের সীমা আগের ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হচ্ছে। তবে স্বর্ণের প্রতি ভরিতে ২৫০০ টাকা ভ্যাট বসছে এবং নতুন করে দেশীয় মদে লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট দিতে হবে।



