মোটরসাইকেলপ্রেমীদের জন্য সুখবর—কিংবদন্তি মডেল ‘বুলেট’-কে আরও শক্তিশালী রূপে হাজির করতে যাচ্ছে রয়্যাল এনফিল্ড। প্রতিষ্ঠানটি শিগগিরই বৈশ্বিক বাজারে আনতে পারে নতুন রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৬৪৭.৯৫ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন, যা সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি ও ৫২.৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। সঙ্গে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স। মে মাসের শেষ সপ্তাহ বা জুনের শুরুতেই ভারতেতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে এই মডেলটির।
ঐতিহ্যবাহী ডিজাইনে আধুনিকতার ছোঁয়া থাকছে নতুন বুলেট ৬৫০-তে। টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, আরামদায়ক রাইডিং পজিশন, প্রিমিয়াম মেটাল বডি, রেট্রো-স্টাইল হেডল্যাম্প ও হাতে আঁকা পিনস্ট্রাইপ বাইকটিকে দেবে ভিন্ন মাত্রা। নিরাপত্তায় থাকছে ডুয়াল-চ্যানেল এবিএসসহ ডিস্ক ব্রেক, সামনে ৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক ও পেছনে টুইন শক অ্যাবজরবার। ফুয়েল ট্যাঙ্কের ধারণক্ষমতা প্রায় ১৪.৮ লিটার। প্রযুক্তির মধ্যে থাকছে এলইডি লাইটিং, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, গিয়ার পজিশন ইন্ডিকেটর ও ইউএসবি টাইপ-সি পোর্ট। বাজার বিশ্লেষকদের মতে, ভারতের এক্স-শোরুম মূল্য হতে পারে ৩ লাখ ৪০ হাজার থেকে ৩ লাখ ৬৫ হাজার রুপির মধ্যে। ভিন্টেজ লুক ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে এটি বাইকপ্রেমীদের জন্য এক আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে।



