ঢাকার দর্শকদের ফের গান শোনাতে আসছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। আগামী ২৬ জুন ঢাকার দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করবেন তিনি। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের টিকিট শিগগিরই বিক্রি শুরু হবে। এর আগে ২০২৩ সালে এ প্রতিষ্ঠানের আয়োজনে ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে গেয়েছিলেন অনুপম।
ঢাকা ও কলকাতা—উভয় বাংলায় বিপুল জনপ্রিয় এই শিল্পী ২০১০ সালে ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে আলোচনায় আসেন। ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই বাঙালি শিল্পীর।



