বিশ্ব ফুটবলের মহামঞ্চে এবার আরও উজ্জ্বল হতে যাচ্ছে বাংলাদেশের নাম। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের ঘোষণার রেশ কাটতে না কাটতেই এলো নতুন সুখবর—ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন সঞ্জয়। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের কথা উল্লেখ করে তিনি লেখেন, অনেক দিন ধরে এটার অপেক্ষায় ছিলেন। সান হোসেতে (ক্যালিফোর্নিয়ার একটি শহর) দুটি ভিন্ন সংস্কৃতির মাঝে বড় হতে হতে দিনের পর দিন কেটেছে গান তৈরিতে। সবসময় স্বপ্ন দেখতেন এমন কিছু গান বানানোর, যা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ ও সাউন্ডট্র্যাকে জায়গা করে নেবে। আজ অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছেন, তিনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের একজন তালিকাভুক্ত শিল্পী। তাঁর তৈরি করা একটি গান পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসবের সাউন্ডট্র্যাক হতে যাচ্ছে, যা তাঁর কাছে অনেক বড় প্রাপ্তি। এই সাফল্যকে কেবল নিজের মাঝে সীমাবদ্ধ রাখতে চান না সঞ্জয়। তাঁর মতে, এটি কেবল তাঁর একার জয় নয়, বরং সেই সমস্ত শিশুর জয়, যারা চার দেয়ালের ঘরে বসে আকাশছোঁয়া স্বপ্ন দেখার সাহস বুনে চলে। ফিফা বিশ্বকাপের এই বিশেষ অ্যালবামে সঞ্জয়ের গানটির শিরোনাম ‘সির সির’। গানটিতে তাঁর সঙ্গে থাকছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম।



