আজ বিশ্ব সাইকেল দিবস। প্রতি বছর ৩ জুন তারিখটি বিশ্বজুড়ে পালিত হয়, আর বাংলাদেশেও দিনটি নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সাইকেল রাইড সংগঠন নিয়েছে নানা কর্মসূচি। বিশ্ব সাইকেল দিবসের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কির প্রচারাভিযান, যার লক্ষ্য ছিল জাতিসংঘের মাধ্যমে সাইকেলের জন্য একটি স্বীকৃত দিন প্রতিষ্ঠা করা। ২০১৫ সালে একাডেমিক প্রকল্প হিসেবে শুরু হওয়া তাঁর এই উদ্যোগ পরে ব্যাপক আন্দোলনে রূপ নেয়। অবশেষে ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। তুর্কমেনিস্তান এই প্রস্তাবে ব্যাপক সমর্থন জানায় এবং প্রায় ৫৬টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা করে।



